নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুতের অবৈধ ব্যবহার রোধে ইজিবাইকের গ্যারেজগুলোতে যৌথ অভিযান চালিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের সিআইখোলা, বাতান পাড়া ও গোদনাইল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার তারিফ আল তাওহীদ। এ সময় উপস্থিত ছিলেন ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ এনওসিএস শাখার নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুর রহমান, সহকারী প্রকৌশলী মো. রাহুল, উপ-সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, মো. সানোয়ার হোসেন ও মো. অলিউল্লাহ।
জসিমের মালিকানাধীন ইজিবাইক গ্যারেজে একটি মিটার থেকে দুটি প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। বিদ্যুৎ আইন ২০১৮ এর ৩৮ ধারা অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা এবং অতিরিক্ত সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
রাজার ইজিবাইক গ্যারেজে একই অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশেই মজিবরের মালিকানাধীন আরেকটি গ্যারেজে সরাসরি বিদ্যুৎ চুরির প্রমাণ মেলে। তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সাকিলের গ্যারেজে অনুমোদনের অতিরিক্ত লোড ব্যবহারের দায়ে বিদ্যুৎ আইনের ৩৮ ধারায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সব মিলিয়ে ৪টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ বলেন, বিদ্যুতের অপচয়, অপব্যবহার ও অবৈধ ব্যবহার ঠেকাতে ইজিবাইক গ্যারেজগুলোতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর নির্দেশনায় আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। যেখানেই অনিয়ম পাওয়া যাবে, সেখানেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ডিপিডিসির কর্মকর্তারা জানান, অতিরিক্ত লোডে ইজিবাইক চার্জ দেওয়ার কারণে এলাকায় লো-ভোল্টেজ ও ট্রান্সফরমার বিকলের ঘটনা বাড়ছে। অবৈধ সংযোগ বিচ্ছিন্নে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।