নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাগরিক সেবা আরও গতিশীল করতে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন জেলা প্রশাসক ও নবাগত পুলিশ সুপার।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।
সাক্ষাৎকালে নবাগত পুলিশ সুপার জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং দুজনে কুশল বিনিময় করেন। পরে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক-সন্ত্রাস দমন, যানজট নিরসন ও জননিরাপত্তা নিশ্চিতে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মতবিনিময় কালে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, নারায়ণগঞ্জ একটি শিল্প ও বাণিজ্য নগরী। এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলা প্রশাসন ও জেলা পুলিশ একসঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করলে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব। নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। এজন্য প্রশাসনিক ও পুলিশি তৎপরতা আরও জোরদার করতে হবে।
এ সময় পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন,
দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলাজুড়ে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত জরুরি। নারায়ণগঞ্জকে একটি শান্তিপূর্ণ ও বাসযোগ্য মডেল জেলা হিসেবে গড়ে তুলতে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করব। জনগণের আস্থা অর্জন এবং নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল চ্যালেঞ্জ।
সাক্ষাৎকালে জেলার বিভিন্ন থানার অপরাধ পরিস্থিতি, চাষাঢ়াসহ গুরুত্বপূর্ণ এলাকায় যানজট নিরসন এবং আসন্ন বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠুভাবে উদযাপন নিয়েও আলোচনা হয়।
এ সময় জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।