নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলা পরিষদ ভবনে এই ঘটনা ঘটে। তবে কার্যালয় বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় বাসিন্দারা জানান, রাত সাড়ে ৮টার দিকে উপজেলা পরিষদের ভবনের ভেতর থেকে হঠাৎ বিকট শব্দ শুনতে পান তারা। পরে বাইরে থেকে একটি কক্ষের ভেতর আগুন জ্বলতে দেখে তাৎক্ষণিকভাবে বিষয়টি ইউএনও কার্যালয়ের সংশ্লিষ্টদের জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে কার্যালয়ের একটি কম্পিউটার, প্রিন্টার, ল্যাপটপ, দুটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি), সিসিটিভি ক্যামেরার মনিটর, ফাইল টেবিল ও সিলিং সহ মূল্যবান বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল আরেফিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কম্পিউটারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। কার্যালয় বন্ধ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল।
তিনি আরও জানান, আগুনে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ নির্ধারণ করা হবে।