শিক্ষার অধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফারিদা শহীদ বাংলাদেশ সফর শুরু করেছেন। ২৩ নভেম্বর থেকে শুরু হওয়া এ সফরে তিনি ৪ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। সফরকালে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বিপক্ষীয় সম্পর্কবিষয়ক সচিব ড. মো. নজরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন ফারিদা শহীদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান সোমবার রাতে এ তথ্য জানান।
সাক্ষাৎকালে সচিব ফারিদা শহীদকে স্বাগত জানিয়ে সবার জন্য অন্তর্ভুক্তিমূলক, সমতাভিত্তিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন।
তিনি জানান, স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা সম্প্রসারণ এবং কারিগরি, বৃত্তিমূলক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার উন্নয়নে কাজ করছে সরকার। পাশাপাশি প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকার শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
এ সফর শিক্ষার অধিকারসংক্রান্ত বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা ও অর্থবহ সম্পৃক্ততার সুযোগ তৈরি করবে বলে আশা প্রকাশ করেন সচিব। সফর থেকে পাওয়া পর্যবেক্ষণ ও সুপারিশ শিক্ষা খাতের চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় সফরে ফারিদা শহীদকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
জবাবে উষ্ণ অভ্যর্থনা ও সফর আয়োজনে সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান ফারিদা শহীদ। বাংলাদেশের শিক্ষা নীতি, উদ্যোগ ও চ্যালেঞ্জ সম্পর্কে জানার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। সফরকালে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে গঠনমূলক মতবিনিময়ের প্রত্যাশাও ব্যক্ত করেন।
শিক্ষার অধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত হিসেবে এটিই ফারিদা শহীদের প্রথম বাংলাদেশ সফর। সফরকালে তিনি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন এবং নাগরিক সমাজের সংগঠনসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।