নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন জেলা পরিষদ সংলগ্ন এলাকায় টেক্সি ও মাইক্রোবাসের স্ট্যান্ড স্থাপন না করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তারা। যানজট, পরিবেশ দূষণ ও সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় জেলা প্রশাসকের কাছে পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার ২০-৮-২০২৬ইং জেলা প্রশাসকের কাছে দেওয়া আবেদনে তল্লা, আজমেরীবাগ, সবুজবাগ ও কায়েমপুর এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, ওই স্থানে স্ট্যান্ড করা হলে প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হবে।
আবেদনে উল্লেখ করা হয়, জেলা পরিষদ সংলগ্ন এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, জেলা ও দায়রা জজ আদালত, আয়কর অফিস, এলজিইডি ভবন, রেজিস্ট্রি অফিস, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানা অবস্থিত। এখানে প্রতিদিন শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক, বিদেশি ক্রেতা ও পণ্যবাহী কভারভ্যান চলাচল করে।
স্থানীয়রা বলেন, সড়কের পাশে টেক্সি-মাইক্রো স্ট্যান্ড হলে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে যানজট আরও তীব্র হবে। শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের পণ্যবাহী গাড়ির চলাচলেও বিঘ্ন ঘটবে।
কায়েমপুর এলাকাবাসী আরেক আবেদনে আশঙ্কা প্রকাশ করে বলেন, স্ট্যান্ড স্থাপন করা হলে এলাকায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বাড়তে পারে। এতে এলাকার পরিবেশ ও সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি সন্তানদের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ তৈরি হবে।
এ বিষয়ে মডেল ডি ক্যাপিটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জিএম (ডেভেলপমেন্ট) মো. মনির হোসেনের আবেদনে বলা হয়, প্রতিষ্ঠানটিতে প্রায় ১০ থেকে ১২ হাজার শ্রমিক কাজ করেন। কর্মকর্তা, শ্রমিক, বিদেশি ব্যবসায়িক ক্রেতা এবং পণ্যবাহী কভারভ্যান প্রতিনিয়ত জেলা পরিষদ সংলগ্ন লিংক রোড ব্যবহার করে।
তিনি বলেন, সেখানে টেক্সি বা মাইক্রো স্ট্যান্ড হলে যানজট, শব্দ ও পরিবেশদূষণের কারণে প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
আবেদনকারীরা জনস্বার্থ, পরিবেশ ও এলাকার স্বাভাবিক যোগাযোগব্যবস্থা বিবেচনায় নিয়ে জেলা পরিষদ সংলগ্ন এলাকায় কোনো ধরনের অবৈধ টেক্সি বা মাইক্রোবাস স্ট্যান্ড স্থাপন না করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, আবেদনগুলো পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।