সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি, দলীয় ঐক্য সুদৃঢ় করা এবং তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মতামত, সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দলের দুঃসময়ে যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের যথাযথ মূল্যায়ন ও সাংগঠনিক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
ফতুল্লা ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি দুলাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন।
এছাড়াও উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি রুবেল চৌধুরী, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আ. মান্নান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী জুয়েল, যুবদল নেতা রাহাত চৌধুরী ও সুমন, স্বেচ্ছাসেবক দল নেতা নাঈম, হযরত, শামীম, সবুজ চৌধুরী, রতন চৌধুরী, টিটু চৌধুরীসহ ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই দলের মূল শক্তি। তাদের ত্যাগ, শ্রম ও সাংগঠনিক ভূমিকার যথাযথ মূল্যায়নের মাধ্যমে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং সমন্বয়ের মাধ্যমে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সভায় নেতাকর্মীরা দলীয় ঐক্য বজায় রেখে সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত ও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।