নারায়ণগঞ্জে ডিবি পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তলসহ তিনজন পেশাদার অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৬ নভেম্বর, ২০২৬) রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম এর নির্দেশনায় জেলাব্যাপী মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানের ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে ডিবি ‘ক’ জোনের এসআই মিজানুর রহমান, এসআই মফিজুল ইসলাম ও এসআই মাহমুদুর রহমানের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা পেশাদার অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে একাধিক হত্যা, মাদক ও অস্ত্র মামলা রয়েছে। আসামি জসিম দীর্ঘদিন ধরে মেহেরপুর সীমান্তের এক অস্ত্র চোরাকারবারীর কাছ থেকে অস্ত্র ক্রয় করে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় জমি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যার উদ্দেশ্যে ব্যবহার ও বিক্রি করে আসছিল। এরই ধারাবাহিকতায় মেহেরপুর থেকে অস্ত্র এনে সিদ্ধিরগঞ্জে ক্রয়-বিক্রয়ের সময় তারা ধরা পড়ে।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো:
১/জসিম উদ্দিন ওরফে শীষনাগ জসিম (৪৫), পিতা- মৃত দ্বীন মোহাম্মদ, স্থায়ী ঠিকানা- টাঙ্গাইল সদর, বর্তমান- পাইনাদী বিল, সিদ্ধিরগঞ্জ।
২/মো. শফিকুর রহমান রনি (৩৫), পিতা- মৃত দুলাল হোসেন, সাং- উত্তর হাজীগঞ্জ পাঠানটুলী, ফতুল্লা।
৩/মো. লিটন ওরফে পাইলট লিটন (৪৫), পিতা- মৃত আবুল কাশেম, স্থায়ী ঠিকানা- পটুয়াখালী সদর, বর্তমান- শান্তিনগর ক্যানেলপাড়, সিদ্ধিরগঞ্জ।
উদ্ধারকৃত আলামত:
১টি বিদেশি পিস্তল (৭.৬৫ বোর) ও ২টি মোবাইল ফোন।