শৌখিন পাখি পালন, উন্নত জাতের বাজেরিগার প্রজনন এবং বাংলাদেশের এভিকালচার চর্চাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে আগামী ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার, রাজধানীর মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ার-১ (চিলড্রেনস পার্ক), কলেজ গেট-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩তম জাতীয় বাজেরিগার প্রদর্শনী বাংলাদেশ ২০২৬। বাজেরিগার সোসাইটি অব বাংলাদেশ (বি.এস.বি) এ আয়োজন করছে।
এবারের প্রদর্শনীতে দেশের প্রায় সব জেলা থেকে আনুমানিক ৪০০ জন ব্রিডার ও পাখিপ্রেমীর অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে। প্রদর্শিত হবে প্রায় ১,০০০টি বাজেরিগার। চারটি গ্রুপে প্রায় ৫০টি ক্যাটাগরিতে পাখি প্রদর্শন ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব ইমরান আহমেদ, বন সংরক্ষক, খুলনা অঞ্চল, খুলনা। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশের প্রথম এক্সোটিক বার্ড প্র্যাকটিশনার ও এভিয়ান ভেটেরিনারিয়ান ডা. সালাহউদ্দিন শাকিল; প্রাণী অধিকারকর্মী ও বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদ; এবং ডিজাইন এগ্রো পার্ক লিমিটেডের জনাব রাজিউল হাসান।
প্রদর্শনীর বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় পর্যায়ের চারজন বিচারক-জনাব সুলতান বাবু, জনাব মহসিন সুজা, জনাব ফুয়াদ বিন আবেদিন এবং জনাব আলী এম হাসান।
আয়োজনের অন্যতম আন্তর্জাতিক আকর্ষণ হলো, বিভিন্ন ক্যাটাগরি থেকে নির্বাচিত মোট ৮টি বিজয়ী পাখির ছবি আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড বাজেরিগার অরগানাইজেশান-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। এর মাধ্যমে বাংলাদেশের সেরা প্রদর্শনী বাজেরিগার ও দেশীয় ব্রিডারদের সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে। MA
শিশু ও নারী পাখিপ্রেমীদের উৎসাহিত করতে থাকছে বিশেষ ক্যাটাগরি। পাশাপাশি সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ‘এক্সিবিশন বাজেরিগার ডেভেলপমেন্ট’ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ ও শিক্ষামূলক কর্মশালা। কর্মশালাটি পরিচালনা করবেন মো. রুহিন হোসেন প্রিন্স, ব্রিডার, পক্ষী ডট নেট এবং সহ-সভাপতি, বাজেরিগার সোসাইটি অব বাংলাদেশ।
পাখি ও বিড়ালের খাবার এবং প্রয়োজনীয় সরঞ্জামের স্টল নিয়ে অংশগ্রহণ করছে আন্তর্জাতিক পেটফুড ব্র্যান্ড ইউনিকর্ন পেটফুড ইন্টারন্যাশনাল লিমিটেড ও ভারসেলে-লাগা। প্রতিষ্ঠান দুটি এবারের প্রদর্শনীর টাইটেল স্পন্সর।
বাজেরিগার সোসাইটি অব বাংলাদেশ ২০০৯ সালের ৪ অক্টোবর প্রতিষ্ঠিত একটি অলাভজনক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি দেশে বাজেরিগার পালন, উন্নত জাতের প্রজনন, ব্রিডারদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং প্রদর্শনী সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছে।
প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হবে সকাল ১০টায় এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে বিকেল ৪টায়। আয়োজনটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত। পাখিপ্রেমী, শিশু-কিশোর ও পরিবারসহ সবাইকে প্রদর্শনী পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছে আয়োজক সংগঠন।