নারায়ণগঞ্জ জেলার ৭টি থানা এলাকায় একযোগে পরিচালিত বিশেষ পুলিশি অভিযানে গত ২৪ ঘণ্টায় ১০০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে সোমবার দিনভর এ চিরুনি অভিযান পরিচালিত হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মাদকসেবী, মাদক ব্যবসায়ী, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন মামলার পলাতক আসামি। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিদেশি মদ উদ্ধার করা হয়।
এর আগে শনিবার প্রথম দিন ১২২ জন ও রোববার দ্বিতীয় দিন ১০৬ জনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে টানা তিন দিনের বিশেষ অভিযানে জেলায় মোট ৩২৮ জন আসামি আইনের আওতায় এলো।
এ বিষয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন, নারায়ণগঞ্জকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। শুধু মাঠপর্যায়ের অপরাধী নয়, তাদের মদদদাতা ও মূল হোতাদেরও আমরা আইনের আওতায় আনব। নারায়ণগঞ্জবাসীর সহযোগিতা পেলে আমরা জেলাকে একটি শান্তিপূর্ণ মডেল জেলা হিসেবে গড়ে তুলতে পারব।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সমন্বিত অভিযান নিয়মিত পরিচালিত হবে।