দিনব্যাপী সাতটি ভেন্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রামে ৯-৮-২৬ইং রবিবার আগমন উপলক্ষে গৃহীত সকল আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
রোববার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরকে স্মরণীয় ও নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের প্রতিটি দপ্তর অত্যন্ত নিষ্ঠা, পেশাদারিত্ব ও সমন্বয়ের সঙ্গে দায়িত্ব পালন করেছে। সাতটি ভেন্যুর প্রতিটি কর্মসূচি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। এর জন্য আমি চট্টগ্রামবাসীসহ সংশ্লিষ্ট সকলকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।
জেলা প্রশাসক আরও উল্লেখ করেন, সফরকালীন নিরাপত্তা, যানজট নিরসন, জনসেবা এবং অতিথি আপ্যায়নসহ প্রতিটি ক্ষেত্রে আন্তঃদপ্তর সমন্বয় ছিল দৃষ্টান্তমূলক। তিনি বলেন, এই সাফল্য প্রমাণ করে প্রশাসন ও জনগণ একসঙ্গে কাজ করলে যে কোনো বৃহৎ আয়োজনও সুন্দরভাবে এবং শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন সম্ভব।
সাতটি ভেন্যুজুড়ে দিনব্যাপী কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি শেষ হওয়ায় চট্টগ্রাম জেলা প্রশাসন সন্তোষ প্রকাশ করেছে।
অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ভবিষ্যতেও একই চেতনায় দায়িত্ব পালনের আহ্বান জানান।এবং তিনি আরো বলেন চট্টগ্রাম জেলাকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে বাংলাদেশের মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ জেলা হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করে যাচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসন।