চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নাউরী আদর্শ ডিগ্রি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গভর্নিং বডির সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। বিদায়ী শিক্ষার্থীদের শুভকামনা জানাতে সবার অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণ যেন এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানের শুরুতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আলাউদ্দিন স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে আসন্ন এইচএসসি পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ, সময়ের সঠিক ব্যবহার এবং আত্মবিশ্বাস ও ধৈর্যের সঙ্গে পরীক্ষা দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের আইসিটি বিষয়ের প্রভাষক জনাব সালাহউদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড. মো. মোতাহার হোসেন। তিনি শিক্ষার্থীদের পরীক্ষায় কোনো ধরনের অসৎ উপায় অবলম্বন না করে সততা, আত্মবিশ্বাস ও ধৈর্যের সঙ্গে পরীক্ষা দেওয়ার পরামর্শ দেন।
ড. মো. মোতাহার হোসেন বলেন, শুধু পরীক্ষায় নয়, বাস্তব জীবনেও সততা ও নৈতিকতার পরিচয় দিতে হবে।
তিনি আরও বলেন, জীবনে সফলতা অর্জনের জন্য পাঁচটি বিষয়কে সর্বাধিক গুরুত্ব দিতে হবে- Aspiration (লক্ষ্য), Inspiration (প্রেরণা), Determination (দৃঢ় সংকল্প), Counting (আত্মমূল্যায়ন ও হিসাব-নিকাশের মানসিকতা) এবং Collaboration (পারস্পরিক সহযোগিতা ও দলগত কাজের মানসিকতা)।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন- গভর্নিং বডির দাতা সদস্য আব্দুস সোবহান রানা, হিতৈষী সদস্য মনির হোসেন ইমন, বিদ্যুৎসাহী সদস্য মো. মোস্তফা হোসেন, প্রফেসর জামান হোসেন, নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. কে. এম. তাজুল ইসলাম, কলেজের প্রভাষক নুরুজ্জামান, অভিভাবক প্রতিনিধি সাহাব উদ্দিন ভূঁইয়া এবং যুবদল নেতা জনাব ইকবাল হোসেন।
বক্তারা পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, শিক্ষাজীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায় সফলভাবে অতিক্রম করে তারা যেন সৎ, আদর্শবান, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে এবং দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানের শেষপর্বে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সার্বিক সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যুবদল নেতা কামাল হোসেন, তুহিন, বিএনপি নেতা বোরহান উদ্দিনসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সুশৃঙ্খল, সৌহার্দ্যপূর্ণ ও আবেগঘন পরিবেশে আয়োজিত বিদায় ও দোয়া মাহফিলটি শিক্ষার্থীদের জন্য ছিল এক অনুপ্রেরণামূলক ও স্মরণীয় আয়োজন।
উপস্থিত সকলেই পরীক্ষার্থীদের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন এবং তাদের জীবনের আগামী পথচলা সুন্দর, সফল ও আলোকিত হোক- এই প্রত্যাশা ব্যক্ত করেন।