চাঁদপুরের মতলব উত্তরের সুলতানাবাদ ইউনিয়নের আমুয়াকান্দা গ্রামে এক প্রবাসীর বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাকিল, আরিফ, সায়মন, মনির’সহ ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে মতলব উত্তর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আবু তাহের।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আমুয়াকান্দা গ্রামের মৃত লপ্তে আলী বেপারীর ছেলে আবু তাহের তার মালয়েশিয়া প্রবাসী বড় ভাই মো. জসিম বেপারীর বাড়িতে সংঘটিত হামলার ঘটনায় শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন।
জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। এলাকাবাসী তাদের এলাকায় আসতে নিষেধ করায় উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ওই বিরোধের জের ধরে ঘটনার রাতে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জসিম বেপারীর বাড়িতে হামলা চালায়।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা বসতঘরের দরজা-জানালা ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি সাধন করে। এছাড়া ঘরের বিভিন্ন আসবাবপত্র, স্টিলের আলমারি ও শোকেস ভাঙচুর করে আরও প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে। একপর্যায়ে ঘরে থাকা ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় বাড়িতে থাকা জসিম বেপারীর স্ত্রী ও বোনকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী আবু তাহের অভিযোগ করেন, চিৎকার শুনে তিনি ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে গেলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। বর্তমানে অভিযুক্তদের ভয়ে তাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।