নারায়ণগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে সিদ্ধিরগঞ্জ ও বন্দর থেকে ২২০০ পিস ইয়াবাসহ ১৭ মামলার কুখ্যাত মাদক সম্রাট ওসমানসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-এর দিকনির্দেশনায় জেলাব্যাপী মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে ডিবির এসআই মিজানুর রহমান ও মফিজুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে একটি টিম এই অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে রিপন (৩৬) ও রেখা আক্তার (৪০) নামে দুই মাদক কারবারিকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে একই টিম ৯ অক্টোবর ভোর ৬টায় বন্দর থানাধীন মাহমুদ নগর এলাকায় অভিযান চালিয়ে ১৭টি মাদক মামলার কুখ্যাত মাদক সম্রাট ওসমান (২৬) ও তার সহযোগী নয়ন (২৫) কে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ নিয়ে সর্বমোট ২২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ ও বন্দর থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে।
এ বিষয়ে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম বলেন, নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করছি। কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না। মাদক সম্রাট ওসমান একজন চিহ্নিত অপরাধী, তার বিরুদ্ধে ১৭টি মাদক মামলা রয়েছে। জেলার প্রতিটি এলাকায় আমাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে এই যুদ্ধে সকলের সহযোগিতা কামনা করছি।