চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঘনিয়ারপাড় উপজেলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচে রোমাঞ্চকর লড়াই শেষে মামুন ফুটবল একাদশকে ৩-২ গোলে পরাজিত করেছে ইমামপুর ক্রীড়া চক্র।
রবিবার (২১ জুন) বিকেলে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। ম্যাচের প্রথমার্ধে ইমামপুর ক্রীড়া চক্র ২-১ গোলে এগিয়ে যায়। বিরতির পর উভয় দলের পাল্টাপাল্টি আক্রমণে ম্যাচে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত আরও একটি গোল করে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ইমামপুর ক্রীড়া চক্র এবং টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে নিজেদের অবস্থান আরও শক্ত করে। ইমামপুর ক্রীড়া চক্রের ৯ নম্বর খেলোয়াড় মো. সোহেল দুইটি গোল করে খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক সরকার। তিনি বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ছোটবেলা থেকেই আমি ক্রীড়াপ্রেমী। খেলাধুলা মানুষকে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও সুস্থ জীবনযাপনের শিক্ষা দেয়।
তিনি আরও বলেন, ১৯৮৬ সাল থেকে কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার খেলা দেখে আমি আর্জেন্টিনার সমর্থক। সেই থেকে আর্জেন্টিনা দলকে ভালোবাসি। আশা করি, বিশ্বনন্দিত তারকা লিওনেল মেসির নেতৃত্বে এবারও আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে।
বক্তব্যের এক পর্যায়ে তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে বলেন, আমি ছেংগারচর পৌরসভা থেকে মেয়র পদে নির্বাচন করার ইচ্ছা পোষণ করছি। সবার দোয়া ও সমর্থন কামনা করছি।
ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধানের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নুর নবী মোল্লার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর মোল্লা, পৌর ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হান্নান লস্কর, চাঁদপুর জেলা যুবদলের সহ-শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, যুবদল নেতা রহিম উদ্দিন মোল্লাসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
খেলায় মতলব উত্তর স্পোর্টস ক্লাব ও ঘনিয়ারপাড় স্পোর্টস ক্লাবের সদস্যবৃন্দ এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
ছবি ক্যাপশন:
মামুন ফুটবল একাদশকে ৩-২ গোলে হারিয়ে জয়ী ইমামপুর ক্রীড়া চক্রের খেলোয়াড়ের হাতে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তুলে দিচ্ছেন প্রধান অতিথি নুরুল হক সরকার ও অন্যান্য অতিথিবৃন্দ।