‘কাবিং করবো, দেশ গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস, বন্দর উপজেলার উদ্যোগে ৫ম বন্দর উপজেলা কাব ক্যাম্পুরি-২০২৬ এর ‘মহা তাঁবু জলসা’ আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ ও বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ জেলার সভাপতি মো. রায়হান কবির।
অনুষ্ঠানে কাব স্কাউটদের মনোমুগ্ধকর পরিবেশনা, তাঁবু জলসা, গান, নৃত্য ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্প প্রাঙ্গণ। ছোট ছোট কাব সদস্যদের প্রাণবন্ত উপস্থিতি অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, কাব স্কাউটিং শিশুদের ছোটবেলা থেকেই শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, দায়িত্বশীলতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ শেখায়। আজকের এই কাব শিশুরাই আগামী দিনের সুনাগরিক, আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। কাবিংয়ের মাধ্যমে তারা যেমন নিজেকে গড়ে তুলছে, তেমনি সমাজ ও দেশের জন্য কাজ করার মানসিকতা তৈরি হচ্ছে। এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে স্কাউট আন্দোলনকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা থাকবে।
তিনি আরও বলেন, তোমরা ভালো মানুষ হবে, ভালো ছাত্র হবে, বাবা-মা ও শিক্ষকদের সম্মান করবে এবং দেশকে ভালোবাসবে — এটাই আজকের এই মহা তাঁবু জলসা থেকে আমার প্রত্যাশা।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলিনুর খান, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্কাউটসের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, কাব লিডার, অভিভাবক ও শত শত কাব স্কাউট উপস্থিত ছিলেন।
কাব স্কাউটিংয়ের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, দায়িত্বশীলতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ বিকাশের পাশাপাশি তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।