গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল মৃত্তিকার সরবরাহ নিশ্চিত করতে নতুন একাধিক চুক্তি করেছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপান। চীনের মতো একক কোনো বিদেশি সরবরাহকারীর ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত নিরাপত্তা জোরদার করতে চায় চার দেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী ১২ মাসে এই সহযোগিতার মাধ্যমে এমন কিছু ঘটবে, যা অনেককে বিস্মিত করবে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান সম্মেলনের ফাঁকে কোয়াড নেতাদের বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বৈঠকে ট্রাম্পের সঙ্গে অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ট্রাম্প বলেন, গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল মৃত্তিকার সরবরাহব্যবস্থা সুরক্ষিত রাখতে চার দেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছে। কোনো একটি বিদেশি সরবরাহকারী যেন এসব উপকরণকে ব্যবহার করে অন্য দেশগুলোর ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে না পারে, সেটিই উদ্যোগগুলোর অন্যতম লক্ষ্য। তাঁর ভাষ্য, খনিজ ও বিরল মৃত্তিকা নিয়ে চার দেশের সহযোগিতা দ্রুত এগোচ্ছে।
বিরল মৃত্তিকা উৎপাদনে যুক্তরাষ্ট্রের সক্ষমতা বাড়ানো নিয়েও আশাবাদ জানিয়েছেন ট্রাম্প। সাংবাদিকদের ও জবাবে তিনি বলেন, আগামী ১০ মাসের মধ্যে যুক্তরাষ্ট্র উৎপাদনের ক্ষেত্রে চীনের সমপর্যায়ে পৌঁছাতে পারে। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র আগে কখনো এত বেশি পরিমাণে বিরল মৃত্তিকা উৎপাদন করেনি এবং এখন উৎপাদন বাড়ানোর কাজ দ্রুত এগোচ্ছে। তবে উৎপাদনের এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কী পরিমাণ বিনিয়োগ বা কোন কোন প্রকল্প নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তিনি দেননি।
বৈঠক শেষে চার দেশের নেতারা একটি যৌথ বিবৃতি প্রকাশ করেন। এতে ইচ্ছামতো রপ্তানি বিধিনিষেধ আরোপ এবং অর্থনৈতিক চাপ প্রয়োগের ঘটনায় গভীর উদ্বেগ জানানো হয়। যদিও বিবৃতিতে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি, গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল মৃত্তিকার বাজারে চীনের প্রভাবের বিষয়টি এই আলোচনার অন্যতম প্রেক্ষাপট। ইলেকট্রনিকস, সেমিকন্ডাক্টর, বৈদ্যুতিক গাড়ি, পরিচ্ছন্ন জ্বালানি, মহাকাশ প্রযুক্তি ও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে এসব উপাদান গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিরল মৃত্তিকা প্রক্রিয়াজাতকরণে চীনের বড় অবস্থানের কারণে বিকল্প সরবরাহব্যবস্থা গড়ে তুলতে চাইছে যুক্তরাষ্ট্র ও তার অংশীদারেরা।
কোয়াডের অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে ২০২৭ সালের শুরুর দিকে প্রথমবারের মতো কোয়াড বিজনেস লিডার্স ফোরাম আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। এতে চার দেশের ব্যবসায়ী নেতা, সরকারি কর্মকর্তা নীতিবিশেষজ্ঞরা অংশ নেবেন। বেসরকারি খাতের মধ্যে
বাণিজ্যিক চুক্তি, বিনিয়োগ ও কৌশলগত অংশীদারত্ব বাড়ানো হবে এই ফোরামের মূল উদ্দেশ্য। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, গুরুত্বপূর্ণ খনিজ, বিরল মৃত্তিকা ও কৃত্রিম বুদ্ধিমত্তা চার দেশের ভবিষ্যৎ অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। নতুন ফোরাম সরকারি সিদ্ধান্তকে বাস্তব ব্যবসায়িক উদ্যোগে রূপ দিতে সহায়তা করবে।
খনিজ ও বাণিজ্যের পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা এবং প্রযুক্তিগত সহযোগিতাও বৈঠকের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল। যৌথ বিবৃতিতে জানানো হয়, ২০২৭ সালে প্রথমবারের মতো কোয়াডের কাঠামোর অধীনে চার দেশের সামুদ্রিক টহল বিমান যৌথ মহড়ায় অংশ নেবে। এতে যুক্তরাষ্ট্রের পি-৮ এবং সংশ্লিষ্ট দেশগুলোর পি-৮ ও পি-৩সি ধরনের টহল বিমান ব্যবহারের পরিকল্পনা রয়েছে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সমুদ্রপথের নিরাপত্তা, নজরদারি ও তথ্য বিনিময় বাড়ানোই এই উদ্যোগের লক্ষ্য।
কৃত্রিম বুদ্ধিমত্তা খাতেও সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করেছেন চার নেতা। ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অংশীদার দেশগুলোকে উন্নত এআই প্রযুক্তিতে প্রবেশাধিকার, ব্যবহার এবং কারিগরি সহায়তা দেওয়ার উদ্যোগের কথা যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
পাশাপাশি সমুদ্রপথ, আকাশপথ ও গুরুত্বপূর্ণ সরবরাহব্যবস্থা নিরাপদ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা। সব মিলিয়ে খনিজ, প্রযুক্তি, বাণিজ্য ও সামুদ্রিক নিরাপত্তাকে কেন্দ্র করে কোয়াডের সহযোগিতার নতুন পর্যায় শুরু করার বার্তা দিয়েছে চার দেশ।
সংবাদসূত্র: হোয়াইট হাউস