নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) আওতাধীন বন্দর এলাকার ২২নং ওয়ার্ডে নতুন সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করেছেন সিটি করপোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় ২২নং ওয়ার্ডের সাবেক জাতীয় দলের ফুটবলার মোমেন মুন্নার ক্লাবের সামনে থেকে তারা মিয়া পর্যন্ত সড়কের উন্নয়নকাজ দোয়া ও ফিতাকাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
উদ্বোধনের পর প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান সড়কের উন্নয়নকাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় তিনি নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এড. সাখাওয়াত হোসেন খান বলেন, উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা যাবে না। নির্ধারিত মান বজায় রেখে কাজ সম্পন্ন করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করতে হবে।
তিনি আরও বলেন, নগরবাসীর চলাচলের সুবিধা নিশ্চিত করতে সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকায় প্রয়োজনীয় সড়ক উন্নয়ন ও অবকাঠামোগত কাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। এসব কাজে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ পনেজ, সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, সোহেল খান বাবু, বন্দর ২২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাসেল বেপারী, হানিফ, বাদল, জুয়েল, মিন্টু, জাকির, বাবুল, সুমনসহ বন্দর থানা ও বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।