নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের রাজস্ব শাখা থেকে দ্রুত ও হয়রানিমুক্ত কাঙ্ক্ষিত সেবা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন এক প্রবীণ সেবাপ্রার্থী। সন্তুষ্ট হয়ে তিনি নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে পিতৃসম স্নেহে আশীর্বাদ ও দোয়া জানিয়েছেন।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের জমি-জমা সংক্রান্ত একটি জটিল সমস্যা সমাধানের জন্য সম্প্রতি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-এর কার্যালয়ে আসেন ওই প্রবীণ নাগরিক। বিষয়টি গুরুত্বের সাথে শুনে এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে দ্রুত সময়ের মধ্যে তার কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করেন অতিরিক্ত জেলা প্রশাসক।
কোনো ধরনের ভোগান্তি বা মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য ছাড়াই সরাসরি কর্মকর্তার কাছ থেকে এমন আন্তরিক সেবা পেয়ে তিনি অভিভূত হয়ে পড়েন এবং হাত তুলে তাকে আশীর্বাদ করেন।
সেবাপ্রার্থী ওই প্রবীণ ব্যক্তি তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “সরকারি অফিসে এসে এত দ্রুত ও সম্মানজনকভাবে কাজ হয়ে যাবে তা কল্পনাও করিনি। উনি আমার মেয়ের বয়সী, কিন্তু যেভাবে আন্তরিকতা নিয়ে আমার কথা শুনে সমস্যার সমাধান করে দিয়েছেন, তাতে আমি মুগ্ধ। মন থেকে তার জন্য পিতৃসম দোয়া ও আশীর্বাদ করি।”
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া বলেন, “জনগণের দোরগোড়ায় স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় আমরা রাজস্ব সেবাকে আরও সহজ, হয়রানি মুক্ত ও জনবান্ধব করার জন্য কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “বিশেষ করে প্রবীণ ও অসহায় মানুষেরা যখন সরকারি দপ্তরে আসেন, তাদের কাজগুলো আমরা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করার চেষ্টা করি। যাতে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর কাছে তাদের যেতে না হয়। একজন প্রবীণ মানুষের এমন পিতৃসম আশীর্বাদ ও দোয়া আমাদের কর্মস্পৃহা আরও বাড়িয়ে দেয়। এটি আমাদের জন্য বড় প্রাপ্তি। জনগণের আস্থা ও ভালোবাসাই আমাদের কাজের অনুপ্রেরণা।”
উল্লেখ্য, জেলা প্রশাসনের রাজস্ব শাখায় সেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে নিয়মিত গণশুনানি ও তদারকি কার্যক্রম পরিচালনা করে আসছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।