নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় ফতুল্লার শিবু মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মো. রিফাত ওরফে হৃদয় (২৩) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে ২৫টি ইয়াবা বড়ি, নগদ ৬০ হাজার টাকা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) ভোর ৪টার দিকে শিবু মার্কেট এলাকায় যমুনা ব্যাংকের সামনে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার রিফাত ফতুল্লার সন্তাপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, শিবু মার্কেট এলাকায় ইয়াবা কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে রিফাত একটি সাদা প্রাইভেটকারে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
তল্লাশিতে তার প্যান্টের ডান পকেটে ২৫টি ইয়াবা বড়ি ও বাঁ পকেটে নগদ ৬০ হাজার টাকা পাওয়া যায়। পুলিশের দাবি, ওই টাকা মাদক বিক্রি থেকে অর্জিত এবং প্রাইভেটকারটি মাদক বিক্রির কাজে ব্যবহার করা হতো।
এ ঘটনায় এসআই মো. মফিজুর রহমান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।