ঢাকা বিভাগে গুরুত্বপূর্ণ ৩টি ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (৮ নভেম্বর, ২০২৬) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা-এর সভাপতিত্বে এই সভাগুলো অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভাসমূহ হলো:
১/ বিভাগীয় সর্বজনীন জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্সের সদস্যদের নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা।
২/ ঢাকা বিভাগের উপপরিচালক (স্থানীয় সরকার)-গণের অংশগ্রহণে ত্রৈমাসিক সমন্বয় সভা।
৩/ ঢাকা বিভাগের জেলা পরিষদসমূহের প্রধান নির্বাহী কর্মকর্তাগণের সমন্বয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা।
উক্ত সভাসমূহে ঢাকা বিভাগের ১৩টি জেলা থেকে আগত উপপরিচালক (স্থানীয় সরকার), জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগ ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, মাঠ পর্যায়ে জনসেবার মানোন্নয়ন করতে হবে। সর্বজনীন জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও জোরদার করতে হবে এবং বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি সুচারুভাবে বাস্তবায়নে সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
তিনি জন্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ নিশ্চিতকরণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।