জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলনে (COP31) অংশ নিতে তুরস্ক যাচ্ছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. ফয়েজ উদ্দিন এবং উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত।
আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিতব্য এই সম্মেলনে তারা যোগ দেবেন।
জানা গেছে, সম্মেলনে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে বাস্তবায়িত জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়ন এবং ‘Climate Resilient Campus Initiative’ কার্যক্রম বিশেষভাবে উপস্থাপন করা হবে। শিক্ষা ও সরকারি প্রতিষ্ঠানগুলোকে পরিবেশবান্ধব ও দুর্যোগ সহনশীল করে গড়ে তোলার লক্ষ্যে নেওয়া এই উদ্যোগে নিরাপদ পানি, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি, সবুজ অবকাঠামো ও জনসচেতনতা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
সদর উপজেলার ইউএনও ও প্রকৌশলীর সমন্বিত উদ্যোগে নেওয়া এসব জলবায়ু সহনশীল উন্নয়ন কার্যক্রম ইতোমধ্যে সারা দেশে প্রশংসিত হয়েছে। স্থানীয় সক্ষমতা ও সীমিত সম্পদকে কাজে লাগিয়ে সরকারি প্রতিষ্ঠানগুলোকে কীভাবে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সক্ষম করা যায়, সম্মেলনে তার একটি বাস্তব উদাহরণ হিসেবে নারায়ণগঞ্জের অভিজ্ঞতা তুলে ধরা হবে।
এছাড়া সম্মেলনে বাংলাদেশ ও ইথিওপিয়ার মতো উন্নয়নশীল দেশগুলোর মধ্যে স্থানীয় পর্যায়ের জলবায়ু উদ্যোগ, প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। আন্তর্জাতিক এই সম্মেলনের অভিজ্ঞতা নারায়ণগঞ্জ সদরসহ দেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টেকসই ও পরিবেশবান্ধব অবকাঠামো উন্নয়নে নতুন সম্ভাবনার পথ উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।