বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির প্রথমবারের মতো অনুষ্ঠিত সরাসরি নির্বাচনে অ্যাডভোকেট নবী হোসেন ও অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বাধীন পূর্ণ প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। একই সঙ্গে পাঁচটি সদস্য পদেও জয় পেয়েছেন তাদের প্যানেলের প্রার্থীরা।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হলে প্যানেলটির নিরঙ্কুশ বিজয় নিশ্চিত হয়।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ৯৯৭ জন। এর মধ্যে ৩৩৮ জন আজীবন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ১৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আইনজীবী ফোরামের সাবেক নেতা অ্যাডভোকেট রেজাউল করিম খান।
পাঁচটি সদস্য পদে নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ বারের সভাপতি সরকার হুমায়ুন কবির (২৭৫ ভোট), সিনিয়র আইনজীবী জাকির হোসেন (২৮১ ভোট), মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন (২১৮ ভোট), নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী (২৬৪ ভোট) এবং সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ (২৯৯ ভোট)।
পাঁচটি সদস্য পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট আটজন প্রার্থী। বিজয়ীদের পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন এনসিপি নেতা নিরব রায়হান, নাজমুল হক ও হারুনুর রশীদ খান।
উল্লেখ্য, ১৯৭৫ সালে নারায়ণগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম প্রতিষ্ঠার পর দীর্ঘ ৫১ বছরের ইতিহাসে এবারই প্রথম সরাসরি ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত করলেন আজীবন সদস্যরা। ফলে নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে নারায়ণগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহলে ব্যাপক আলোচনা ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
নির্বাচনে একজন ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সাধারণ সম্পাদক পদে একটি এবং সদস্য পদে পাঁচটিসহ মোট ছয়টি পদের বিপরীতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের চেয়ারম্যান পদাধিকারবলে ইউনিটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন চার নির্বাচন কমিশনার অধ্যাপক বদরুন্নাহার, সাংবাদিক নজরুল ইসলাম বাবুল, সোহেল আক্তার সোহান ও অ্যাডভোকেট সামছুন নূর বাধন। নির্বাচন কমিশনের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিটের লিডার মাহমুদা মুন্সি।
প্রথমবারের মতো সরাসরি ভোটে অনুষ্ঠিত এ নির্বাচনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নেতৃত্ব নির্বাচনে নতুন অধ্যায়ের সূচনা হলো।