নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ নূর কুতুবল আলম নগরবাসীকে সচেতন হওয়ার এবং নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন।এক বক্তব্যে মোঃ নূর কুতুবল আলম বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের পক্ষ থেকে নিয়মিত মশা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হচ্ছে। তবে কেবল মশক নিধন ওষুধ স্প্রে করেই ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, যদি না আমরা মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে পারি। এডিস মশা সাধারণত ঘরের ভেতরে বা আশপাশে জমে থাকা পরিষ্কার পানিতে বংশবৃদ্ধি করে। তাই আমাদের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টাই পারে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনতে।”তিনি নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব থেকে নিজেদের ঘরবাড়ি, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার বা পাত্রে যেন কোনোভাবেই তিন দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখুন। সচেতন নাগরিক হিসেবে নিজের চারপাশ পরিষ্কার রাখা আমাদের কর্তব্য।”সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ জানায়, নাসিকের প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা ও ক্রাশ প্রোগ্রাম জোরদার করা হয়েছে। কোথাও মশার লার্ভা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে নিয়মিত মাইকিং ও লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।