নারায়ণগঞ্জ জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্যরা। বোধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সৌজন্য সাক্ষাতে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি আলহাজ এম. সোলায়মান নবনিযুক্ত পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং যোগদানের পর থেকেই আইনশৃঙ্খলা উন্নয়নে ও যানজট নিরসনে নেওয়া উদ্যোগের প্রশংসা করেন। তিনি পুলিশ সুপারের উত্তরোত্তর সাফল্য ও সুন্দর কর্মকাল কামনা করেন।
সাক্ষাৎকালে নারায়ণগঞ্জ শহরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা, হকার সমস্যা ও নাগরিক ভোগান্তি নিরসনসহ বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়।
আলোচনায় ক্লাব সভাপতি এম. সোলায়মান শহরকে হকার ও পুরোপুরি যানজটমুক্ত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, নারায়ণগঞ্জ একটি বাণিজ্যিক নগরী। নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা এবং ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা আনা অত্যন্ত জরুরি। এজন্য প্রশাসন, সিটি করপোরেশন ও নাগরিক সমাজের সমন্বয়ে বাস্তবসম্মত ও মানবিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, নারায়ণগঞ্জ ক্লাব এই শহরের ঐতিহ্য ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিত্ব করে। আপনাদের শুভেচ্ছা ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করবে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের প্রধান সমস্যা যানজট ও ফুটপাত দখল। আমরা শুধু আইন প্রয়োগ নয়, মানবিক দৃষ্টিকোণ থেকে সমাধানের পথ খুঁজছি। সবার সহযোগিতা নিয়ে আমরা নারায়ণগঞ্জকে একটি নিরাপদ, শৃঙ্খল ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য নারায়ণগঞ্জ ক্লাবসহ সকল সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের সহযোগিতা কামনা করছি।
সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় কালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান মারুফ, সহসভাপতি ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধা,পরিচালক মো. জাহিদ হোসেন, মো. আলতাফ হোসেন ও অ্যাডভোকেট শেখ গোলাম মোর্শেদ (গালিব) সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
সাক্ষাৎ শেষে ক্লাবের পক্ষ থেকে পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনে সাফল্য কামনা করা হয়।