মাদ্রাসা শিক্ষার সামগ্রিক মানোন্নয়ন এবং নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে জেলার অন্যতম মডেল শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মোঃ মামুন মাহমুদ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)আলীনূর খান, মাদ্রাসা ব্যবস্থাপনা পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নতকরণ এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন,
আমরা চাই নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা জেলার একটি আদর্শ ও মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠুক। শুধু নৈতিক শিক্ষা নয়, শিক্ষার্থীদের বাস্তবিক জ্ঞান ও কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে। যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করতে হবে। এজন্য অবকাঠামো উন্নয়ন, শিক্ষকদের প্রশিক্ষণ এবং পাঠদানের মান বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে। জেলা প্রশাসন এ ব্যাপারে সব ধরনের সহযোগিতা করবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আবুল কালাম মাদ্রাসার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ ও সহযোগিতার আশ্বাস দেন। বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক মোঃ মামুন মাহমুদ মাদ্রাসাকে কেন্দ্র করে গবেষণা ও সৃজনশীল শিক্ষা কার্যক্রম চালুর ওপর গুরুত্বারোপ করেন।
সভায় মাদ্রাসার ব্যবস্থাপনা পরিষদের পক্ষ থেকে মডেল মাদ্রাসা হিসেবে গড়ে তোলার জন্য একটি কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।