বাংলাদেশের হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও নাগরিক অধিকার নিশ্চিত করার দাবিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, নারায়ণগঞ্জ জেলা শাখা।
রোববার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপিতে হরিজন সম্প্রদায়ের বসবাসের জন্য স্থায়ী আবাসন, শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা নিশ্চিতকরণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সামাজিক বৈষম্য দূরীকরণে সরকারের বিশেষ উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শ্রীমান অমৃত লাল, সাধারণ সম্পাদক শ্রীমান প্রতাপ চন্দ্র। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শ্রীমান মিঠু চাঁন এবং বন্দর থানা শাখার সভাপতি স্বাধীন লাল।
নেতারা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত হরিজন জনগোষ্ঠী মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের নিশ্চয়তা না থাকায় তাদের জীবনমান এখনও উন্নত হয়নি। প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে এ জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন সম্ভব বলে তারা আশা প্রকাশ করেন।
জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ করে তা সরকারের সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণের আশ্বাস দেন।
নেতারা আরও জানান, হরিজন সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার বাস্তবায়ন এবং তাদের মূলধারার সঙ্গে সম্পৃক্ত করতে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।