কুষ্টিয়া জেলায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
সোমবার (৮ জুন ২০২৬) পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কনস্টেবল থেকে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত মো. মমিনুল ইসলামকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন তিনি। কেন্দ্রীয় মেধা তালিকা অনুসারে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে তাকে এ পদোন্নতি দেওয়া হয়।
র্যাংক ব্যাজ পরানোর পাশাপাশি পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, “পদোন্নতি কাজের স্বীকৃতি। এর মাধ্যমে দায়িত্ব আরও বাড়ল। সততা, সাহসিকতা ও জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে।”
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সূত্র জানায়, নিয়মিত মূল্যায়ন ও মেধার ভিত্তিতে যোগ্য সদস্যদের পদোন্নতি দেওয়া হচ্ছে। এটি বাহিনীর সদস্যদের কর্মস্পৃহা ও মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে।