ঢাকা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মনিরুজ্জামান মিঞা বলেছেন, দীর্ঘদিন পর আমরা একটি গণতান্ত্রিক সরকার পেয়েছি। বর্তমান সরকার এ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই সরকারের পাশাপাশি আমাদেরও এ দেশকে কীভাবে আরও সুন্দর করে গড়ে তোলা যায় সেই দিকে লক্ষ্য রেখে এগিয়ে যেতে হবে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নরসিংদী জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নরসিংদী জেলার বিভিন্ন দপ্তর প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াহাব রাশেদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মো. সফিউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তাহের সামসুজ্জামান, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার, সিভিল সার্জন ডা. বুলবুল কবির, এলজিইডি নরসিংদীর নির্বাহী প্রকৌশলী মো. ফুলকাম বাদশা, জেল সুপার মো. তারেক কামাল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. কলিমুল্লাহ, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো. রাশেদুল হক রিন্টু, নরসিংদী জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা, নরসিংদী জেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ. আউয়াল প্রমুখ।
এ ছাড়া অনুষ্ঠানে নরসিংদী জেলার সকল দপ্তরের কর্মকর্তা এবং সব উপজেলা নির্বাহী অফিসারগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আরও বলেন, নরসিংদীর আইন-শৃঙ্খলা পূর্বের চেয়ে অনেকটা উন্নত হয়েছে। অতীত কখনো ফিরে আসে না। বর্তমানকে বুকে ধারণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এ দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারলে আমাদের পরিশ্রম সার্থক হবে। তিনি বলেন, নরসিংদীর সব সমস্যা সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নরসিংদী অফিসার্স ক্লাব উদ্বোধন করেন এবং সেখানে একটি গাছের চারা রোপণ করেন।