বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে মিলাদ, দোয়া ও কেক কাটার আয়োজন করেছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও মহানগর যুবদল নেতা কে এম মাজহারুল ইসলাম জোসেফ।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যার পর নগরীর টানবাজারে অবস্থিত জোসেফের নিজ কার্যালয়ে এ আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সদর, সিদ্ধিরগঞ্জ, বন্দর থানা ও বন্দর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও দেশ পরিচালনায় সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া শেষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটেন জোসেফ। এ সময় নেতাকর্মীরা তারেক রহমানের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।
দোয়া ও কেক কাটা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কে এম মাজহারুল ইসলাম জোসেফ। তিনি তারেক রহমানের দীর্ঘায়ু ও দেশ পরিচালনায় সাফল্য কামনা করে নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া চান।
জোসেফ বলেন, দীর্ঘ ১৭ বছর পর জনগণের ভোটে তারেক রহমান দেশের দায়িত্ব গ্রহণ করেছেন। কিন্তু বিদেশে পলাতক ফ্যাসিস্টরা দেশে থাকা নেতাকর্মীদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে নাশকতা ও নৈরাজ্য চালাচ্ছে। তবে তাদের এ স্বপ্ন কখনোই পূরণ হবে না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে যুবদলই যথেষ্ট। দেশের স্থিতিশীলতা ও জনগণের অধিকার রক্ষায় যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন।