পোশাক শ্রমিকদের জন্য সরকারের নেওয়া বিশেষ খোলা বাজারে পণ্য বিক্রয় (ওএমএস) কর্মসূচি অব্যাহত রয়েছে নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের তত্ত্বাবধানে এ কর্মসূচির আওতায় আজ শুক্রবার (২০ নভেম্বর) ৫ হাজার শ্রমিক পাচ্ছেন ৩০ টাকা দরে ১০ কেজি করে চাল।
নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরী, তল্লা, কায়েমপুর, কাঠেরপুল, আদমজী ইপিজেড, সোনারগাঁ, রূপগঞ্জসহ ১০টি স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, শুক্রবার সকাল ১০টা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই পোশাক শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম চলছে। নারায়ণগঞ্জে ১০টি খোলা ট্রাকের মাধ্যমে চাল বিক্রি করা হচ্ছে। প্রতি কেজি চাল ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতিটি ট্রাকে ৫ টন করে নারায়ণগঞ্জে মোট ৫০ টন চাল বিক্রি করা হচ্ছে।
একজন শ্রমিক মাসে একবার সর্বোচ্চ ১০ কেজি চাল পাবেন। সকাল থেকে বৃষ্টিতে ভিজে শ্রমিকদের লম্বা লাইনে দাঁড়িয়ে ওএমএসের চাল সংগ্রহ করতে দেখা গেছে। চালের পাশাপাশি তেল, ডাল, আটাসহ অন্যান্য নিত্যপণ্য কম মূল্যে দেওয়ার দাবি জানিয়েছেন শ্রমিকরা।
পোশাক শ্রমিকরা জানান, নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতির কারণে ওএমএসের চাল তাদের কিছুটা সাশ্রয় হবে। তবে ওএমএসের মাধ্যমে চালের পাশাপাশি ডাল, তেল, আটাসহ অন্যান্য সামগ্রী দেওয়া হলে তারা আরও উপকৃত হতেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান , পোশাক শ্রমিকদের সুবিধার কথা চিন্তা করে সরকারের নির্দেশে বিশেষ ওএমএস কর্মসূচি চালু করা হয়েছে। শ্রমিকরা যাতে নির্বিঘ্নে সুলভ মূল্যে চাল পান, সে জন্য জেলা প্রশাসন সার্বক্ষণিক তদারকি করছে। এই কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।
তিনি আরো জানান, প্রতি শুক্রবার পোশাকশিল্পের শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিনে নারায়ণগঞ্জে ১০টি খোলা ট্রাকের মাধ্যমে ৫০ টন চাল বিক্রি করা হচ্ছে। আজ দ্বিতীয় দিনের মতো চাল বিক্রি চলছে। একজন পোশাক শ্রমিক মাসে একবার ১০ কেজি চাল পাবেন। প্রতি কেজি চালের মূল্য ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।