আড়াইহাজারের শ্রমিকরা আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ না করায় তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য ও বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। একই সঙ্গে তিনি শ্রমিকদের আন্দোলনে না জড়ানোর আহ্বান জানান।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে লেঙ্গুরদী এলাকায় অবস্থিত ‘হজ্ব বাংলা’ গার্মেন্টসের শ্রমিকদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
এ সময় এমপি নজরুল ইসলাম আজাদ বলেন, “সবাইকে সুশৃঙ্খল থাকতে হবে। আন্দোলন করা চলবে না। আন্দোলন করলে আড়াইহাজারের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। আমার খুব ভালো লেগেছে, আপনারা কোনো আন্দোলন-সংগ্রামে নেই। সেজন্য আপনাদের আমি ধন্যবাদ জানাই। আপনারা আপনাদের ভালোটা বুঝেছেন, কোনো উসকানিতে পড়েননি; এটা খুব ভালো লেগেছে। আড়াইহাজারের এই ফ্যাক্টরি সারা বাংলাদেশে একটি উদাহরণ হয়ে থাকবে। এই ফ্যাক্টরির শ্রমিকরা আন্দোলনে যায়নি। আমি মালিক ও শ্রমিকদের সুন্দর সম্পর্ক দেখতে চাই।”
তিনি আরও বলেন, “আমরা সব সময় আপনাদের পাশে আছি। বিএনপি সরকার শ্রমিকদের পাশে আছে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আপনারা ধৈর্য ধরবেন এবং আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন। মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকলে কর্মপরিবেশ ভালো থাকবে, উৎপাদনও বাড়বে।”
তিনি বলেন, “শ্রমিকরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাদের শ্রম ও অবদানের ওপর শিল্পকারখানার অগ্রগতি নির্ভর করে। তাই শ্রমিকদের ন্যায্য দাবি ও সুযোগ-সুবিধার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।”
এ সময় পোশাক কারখানার বেতন বৃদ্ধির খবরে শ্রমিকদের মধ্যে স্বস্তি ও সন্তোষ দেখা যায়। তারা এ উদ্যোগের জন্য সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় কারখানার শ্রমিকদের পাশাপাশি স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।