ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর, ২০২৬) সকালে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞার নেতৃত্বে সেগুনবাগিচাস্থ ১ম ১২ তলা সরকারি অফিস ভবন প্রাঙ্গণে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা রক্ষায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে গত ১৪ মার্চ ২০২৬ থেকে প্রতি শনিবার নিজ নিজ কর্মক্ষেত্র, বাসস্থান ও পারিপার্শ্বিক এলাকা পরিষ্কার রাখার যে ধারাবাহিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এই বিশেষ অভিযান তারই অংশ। ডেঙ্গু ও মশাবাহিত রোগের প্রকোপ হ্রাস না পাওয়া পর্যন্ত এই স্বেচ্ছাশ্রমভিত্তিক পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম এ জলিল, অতিরিক্ত বিভাগীয় কমিশনারবৃন্দ, ১ম ১২ তলা সরকারি অফিস ভবনে অবস্থিত বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও তাদের প্রতিনিধি এবং সর্বস্তরের কর্মচারীবৃন্দ। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।
এ সময় বিভাগীয় কমিশনার বলেন, স্বচ্ছ ও জীবাণুমুক্ত পরিবেশ গঠনে ছোট ছোট পদক্ষেপই বড় পরিবর্তনের সূচনা করে। কেবল সরকারি উদ্যোগ নয়, ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন প্রত্যেকের ব্যক্তিগত সচেতনতা ও নিয়মিত পরিচর্যা। জমে থাকা পানি পরিষ্কার করা এবং নিজ নিজ চারপাশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই এডিস মশার বংশবৃদ্ধি রোধ করা সম্ভব।