নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ও বক্তাবলীবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন ডিক্রীরচর সেতু নির্মাণের উদ্যোগে নতুন করে অগ্রগতির আভাস মিলেছে। সেতুটি নির্মিত হলে দুই ইউনিয়নের লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ লাঘবের পাশাপাশি শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও আর্থসামাজিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছেন স্থানীয়রা।
এরই ধারাবাহিকতায় রোববার (২৫ অক্টোবর) ডিক্রীরচর সেতুর সম্ভাব্য স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এলজিইডির প্রকল্প পরিচালক ফেরদৌস আহমেদ, নারায়ণগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়েজ উদ্দিন আহমেদ, সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত, অস্ট্রেলিয়া থেকে আগত সিনিয়র ব্রিজ বিশেষজ্ঞ প্রকৌশলী, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান। এছাড়া ইউপি সদস্য আব্দুল মান্নান, রওশন আলী, আব্দুল ওহাব, মুক্তার হোসেনসহ জায়েদ সরদার, নাসিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় কর্মকর্তারা সেতুর সম্ভাব্য স্থান ঘুরে দেখেন এবং এর উপযুক্ত অবস্থান নির্ধারণ, প্রকৌশলগত সম্ভাব্যতা ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নদীকেন্দ্রিক যোগাযোগের কারণে আলীরটেক ও বক্তাবলীর মানুষকে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক ও ব্যবসায়ীদের নৌকা ও ট্রলারের ওপর নির্ভর করতে হয়। সেতুটি নির্মিত হলে সময় ও অর্থ সাশ্রয় হবে, স্থানীয় পণ্য পরিবহন সহজ হবে এবং জরুরি মুহূর্তে দ্রুত হাসপাতালে যাতায়াতসহ সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।
তবে সেতু নির্মাণের ব্যয়, নকশা ও কাজ শুরুর নির্দিষ্ট সময়সূচি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভাব্যতা যাচাই শেষে প্রয়োজনীয় কারিগরি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উচ্চপদস্থ কর্মকর্তাদের ধারাবাহিক পরিদর্শনে নতুন করে আশায় বুক বাঁধছেন আলীরটেক ও বক্তাবলীবাসী। তাদের প্রত্যাশা, দ্রুত সকল প্রক্রিয়া শেষে স্বপ্নের এই সেতুটি বাস্তবে রূপ নেবে।