নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ডাকাত চোক্কা ওরফে খোকনসহ ৩ জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএম এর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী ও অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল দীপংকর ঘোষের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।
গতকাল ২৩ অক্টোবর রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে বন্দর থানার অফিসার ইনচার্জ মো. জামাল উদ্দিনের প্রত্যক্ষ নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) মো. মিজানুর রহমান, এসআই আব্দুল আলিম, এসআই মামুন ইসলাম ও এসআই ইয়াসিন আরাফাত সঙ্গীয় ফোর্সসহ বন্দর থানাধীন সোনাচড়া ও রামনগর সাকিনস্থ বায়তুল মামুর জামে মসজিদের পিছনে তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-
১। চোক্কা ওরফে খোকন (৩৬), পিতা- আব্দুল লতিফ, সাং- সোনাচড়া, থানা- বন্দর,
২। মো. পারভেজ (২৮), পিতা- ফয়েজ আহম্মেদ, মাতা- পারভিন বেগম এবং
৩। মো. মঞ্জুর (৫০), পিতা- মৃত সৈয়দ আলী, মাতা- সাফিয়া বেগম, সর্ব সাং- রামনগর, ওয়ার্ড নং-২৬, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে ডাকাতি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে দেশীয় অস্ত্র রাখতো।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়- ১টি লোহার তৈরি কাঠের বাটযুক্ত রামদা, ১টি প্লাস্টিকের বাটযুক্ত ছুরি, ১টি লোহার তৈরি চাপাতি, ১টি কালো কস্টেপ দ্বারা পেঁচানো ছুরি, ২টি হলুদ রংয়ের প্লাস্টিকের বাটযুক্ত ছুরি এবং ১টি লাল রংয়ের প্লাস্টিকের কভারযুক্ত তার কাটার প্লাস।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত খোকন ওরফে চোক্কার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলাসহ ১১টি মামলা চলমান ও ৫টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। পারভেজের বিরুদ্ধে ১টি ডাকাতি প্রস্তুতি মামলা ও ১টি পরোয়ানা এবং মঞ্জুরের বিরুদ্ধে ১টি ডাকাতি প্রস্তুতি মামলাসহ মোট ৩টি মামলা চলমান রয়েছে।