শুভ বিজয়া দশমীতে দেবীকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানানোর মধ্য দিয়ে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য,শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটেছে। ২১ অক্টোবর (বুধবার) দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন ৫ নম্বর ঘাটে সর্বশেষ প্রতিমা বিসর্জনের মাধ্যমে এ বছরের পূজা আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটে।
জেলা পুলিশ সূত্র জানায়, এ বছর নারায়ণগঞ্জ জেলায় মোট ২৪০টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এর মধ্যে প্রথম ধাপে ২১৪টি মণ্ডপের প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। প্রথা অনুযায়ী বাকি থাকা মণ্ডপগুলোর মধ্যে ২৫টি পূজামণ্ডপের প্রতিমা এ বছর বিসর্জন দেওয়া হবে না এবং ১টি মণ্ডপের প্রতিমা পরবর্তী দিনে বিসর্জন দেওয়া হবে।
বিসর্জন না হওয়া ২৫টি মণ্ডপের মধ্যে রয়েছে – নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন ২টি (মোট ৪৩টি), ফতুল্লা মডেল থানাধীন ৫টি (মোট ২৯টি), রূপগঞ্জ থানাধীন ৯টি (মোট ৫৭টি), আড়াইহাজার থানাধীন ১টি (মোট ৩৭টি) এবং সোনারগাঁও থানাধীন ৮টি (মোট ৩৮টি) পূজামণ্ডপ।
বিসর্জন অনুষ্ঠানকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরো ঘাট এলাকা ও আশপাশের অঞ্চলজুড়ে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। প্রতিমা বিসর্জনের শুরু থেকে শেষ পর্যন্ত ঘাটে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু এবং স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
আইনশৃঙ্খলা বাহিনীর সুসংহত উপস্থিতির কারণে পুরো পূজা এবং বিসর্জন প্রক্রিয়া অত্যন্ত সুষ্ঠু, সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নারী, শিশু ও জ্যেষ্ঠ নাগরিকরা কোনো প্রকার হয়রানি ছাড়াই স্বাচ্ছন্দ্যে উৎসবের আনন্দ উপভোগ করেছেন।
প্রতিমা বিসর্জন কার্যক্রমকে সফল ও সুশৃঙ্খল করতে শুরু থেকেই ঘাটে উপস্থিত ছিলেন জেলা পুলিশের সকল অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ। এছাড়া জেলা পুলিশ, ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি), জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং বিভিন্ন ইউনিটের সমন্বয়ে গঠিত কুইক রেসপন্স টিম (QRT) সার্বক্ষণিক দায়িত্ব পালন করে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান (পিপিএম) বলেন, আমরা বিজয়া দশমীতে বিসর্জনের মধ্যে দিয়ে দেবীকে শান্তিপূর্ণভাবে বিদায় জানাতে পেরেছি। এ বছর জেলার ২৪০টি মণ্ডপের মধ্যে ২১৪টির প্রতিমা আমরা ৫ নম্বর ঘাটসহ নির্ধারিত স্থানে অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিসর্জন সম্পন্ন করেছি। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই, নিশ্ছিদ্র নিরাপত্তায় ও নির্বিঘ্নে দেবী বিদায় সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের পুলিশের প্রতিটি সদস্য, ডিবি, ডিএসবি, ট্রাফিক ও কুইক রেসপন্স টিম দিনরাত পরিশ্রম করেছে। আমি পূজা উদযাপন পরিষদ, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও সর্বস্তরের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তাদের সহযোগিতার কারণেই নারায়ণগঞ্জের মানুষ একটি নিরাপদ ও উৎসবমুখর শারদীয় দুর্গোৎসব উপভোগ করতে পেরেছে। নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা সত্যিই প্রশংসনীয়।