শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন উপলক্ষে নারায়ণগঞ্জ শহরে যান চলাচলে বিশেষ নির্দেশনা জারি করেছে জেলা পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) দুপুর ২টা থেকে আঞ্চলিক ও দূরপাল্লার সব বাস চাঁনমারী মোড় থেকে ঘুরিয়ে (ইউটার্ন) নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চাঁনমারী মোড় দিয়ে মেট্রো হলের সামনের মোড়, কেন্দ্রীয় বাস টার্মিনাল কিংবা বঙ্গবন্ধু সড়কের (বিবি রোড) দিকে কোনো বাস যেতে পারবে না।
ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, বাস টার্মিনালের আঞ্চলিক বাস ও মেট্রো হল মোড়ের দূরপাল্লার বাসগুলো হাজীগঞ্জ নতুন রাস্তায় পার্কিং করতে পারবে। নিতাইগঞ্জ থেকে ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান ও ট্যাংকলরি বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১টার আগে মণ্ডলপাড়া সেতু পার হতে পারবে না।
বিসর্জনের শোভাযাত্রার তিনটি রুট:১/পঞ্চবটী থেকে আসা শোভাযাত্রা চাষাঢ়া ও ২ নম্বর রেলগেট হয়ে বিসর্জন ঘাটে যাবে।
২/নিতাইগঞ্জ ও টানবাজারের শোভাযাত্রা মণ্ডলপাড়া ও ২ নম্বর রেলগেট হয়ে ঘাটে পৌঁছাবে।
৩/ বরফকল মাঠ ও খানপুর থেকে আসা শোভাযাত্রা মেট্রো হল মোড়,ম মিশনপাড়া ও চাষাঢ়া হয়ে ২ নম্বর রেলগেট দিয়ে বিসর্জন ঘাটে যাবে।
বিসর্জন শেষে খালি যানবাহন ঘাট থেকে কাঠপট্টি রোড ও মাউরা হোটেল হয়ে মেট্রো হল মোড় দিয়ে নিজ নিজ গন্তব্যে যেতে পারবে। ঘাট থেকে মাউরা হোটেল হয়ে মেট্রো হল পর্যন্ত যান চলাচল একমুখী থাকবে। মেট্রো হল থেকে মাউরা হোটেল কিংবা কালীবাজারের দিকে কোনো যানবাহন যেতে পারবে না।
এছাড়া ২ নম্বর রেলগেট থেকে ১ নম্বর রেলগেট হয়ে বিসর্জন ঘাট পর্যন্ত এবং ১ নম্বর রেলগেট থেকে কালীবাজারের দিকে একমুখী যান চলাচল করবে। উল্টো পথে কোনো যানবাহন চলাচল করতে পারবে না।
চাঁনমারী, সরকারি মহিলা কলেজ, মেট্রো হল ও গলাচিপা মোড় এবং মণ্ডলপাড়া ছয় আসনের বড় আকারের অটোরিকশার ইউটার্ন ব্যবস্থা অব্যাহত রাখবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।
নির্দেশনায় সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রাত ৮টার মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে এবং সংশ্লিষ্ট সবাইকে ট্রাফিক নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।