মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের কারণে নারায়ণগঞ্জের মানুষ জর্জরিত বলে মন্তব্য করেছেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। এই সামাজিক ব্যাধিগুলো থেকে নগরবাসীকে মুক্ত করতে পুলিশের পাশাপাশি রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি।
শনিবার সকালে শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন লিংক রোডে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও সচেতনতামূলক র্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসপি হাবিবুর রহমান বলেন, নারায়ণগঞ্জ একটি শিল্পনগরী। এখানে অনেক ভাসমান মানুষের বসবাস। এ কারণে আমরা বিভিন্ন ধরনের অপরাধ লক্ষ্য করছি। এর মধ্যে সবচেয়ে বড় সামাজিক ব্যাধি হচ্ছে মাদক। এর পাশাপাশি ছিনতাইকারী, চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের কারণেও মানুষ অতিষ্ঠ।
তিনি জানান, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাবাহিক অভিযান চলছে। স্পটভিত্তিক অভিযানে ভাসমান মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হচ্ছে। তবে অভিযান সফল করতে জনগণের তথ্য অপরিহার্য।
পুলিশ সুপার বলেন, মাদকের ক্ষেত্রে আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা স্পটগুলোতে অভিযান চালাচ্ছি, কিন্তু সকলের সহযোগিতা দরকার। আপনাদের কাছে কোনো তথ্য থাকলে তা আমাদের দিন। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।
তিনি সরকারি দলের অঙ্গসংগঠনসহ সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা যেহেতু কাজ করছি, আমাদের সবাইকে হেল্প করেন। আপনারা এগিয়ে আসেন। আমরা একটি সুস্থ ও নিরাপদ সমাজ উপহার দিতে চাই। অপরাধীদের রাজনৈতিক পরিচয় দেখার সুযোগ নেই। যার বিরুদ্ধে প্রমাণ আছে, তাকেই আইনের আওতায় আনা হবে।
ডেঙ্গু প্রতিরোধ প্রসঙ্গে এসপি বলেন, প্রতি শনিবার বাড়িঘর, আঙিনা, অফিস-আদালত, স্কুল-কলেজসহ নিজ নিজ অবস্থান পরিষ্কার রাখতে হবে। জমে থাকা পানি অপসারণ ও এডিসের প্রজননস্থল ধ্বংস করা গেলে ডেঙ্গুর ঝুঁকি অনেক কমে যাবে।
সবাই মিলে কাজ করলে আমরা জাতিকে চলাচল ও ব্যবসার জন্য নিরাপদ নাগরিক অধিকার ফিরিয়ে দিতে পারব।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন, নির্বাহী প্রকৌশলী ইয়াছিন আরাফাত, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভুইঁয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলাম সেন্টুসহ প্রশাসনের কর্মকর্তা ও সামাজিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, দায়িত্ব নেওয়ার পর গত এক সপ্তাহে জেলা পুলিশ মাদক, অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। নারায়ণগঞ্জবাসী এখন দেখতে চায়—এই সম্মিলিত উদ্যোগ কতটা স্থায়ী রূপ পায়।