“বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি করা আমাদের দায়িত্ব”—এ কথা জানিয়ে নারায়ণগঞ্জ সুইড বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের জন্য স্থায়ী জমি বরাদ্দের আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম ও জেলা প্রশাসক মো. রায়হান কবির।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নগরীর শায়েস্তা খান রোডে র্যাব-১১ অফিসের পাশে অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়। মানবসেবামূলক সংগঠন ‘হিউম্যানিটি ফার্স্ট’-এর সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে সুইড নারায়ণগঞ্জ শাখা।
অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন কোমলমতি শিক্ষার্থীরা দলীয় নৃত্য পরিবেশন করে এবং নিজেদের হাতে আঁকা বিভিন্ন চিত্রকর্ম প্রদর্শন করে। শিশুদের প্রতিভা ও উচ্ছ্বাস উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
এমপি আবুল কালাম বলেন,
এই শিশুরা সমাজেরই অংশ। তাদের জন্য উপযুক্ত শিক্ষা পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। সুইড বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে ভাড়া বাড়িতে সীমাবদ্ধতার মধ্যে কার্যক্রম চালাচ্ছে। এখানে একটি স্থায়ী ও আধুনিক অবকাঠামো প্রয়োজন। বিষয়টি আমি জেলা প্রশাসককে জানিয়েছি। উপযুক্ত সরকারি জমি বরাদ্দে আমরা সর্বাত্মক সহায়তা করব। জনপ্রতিনিধি হিসেবে আমি সব সময় এই প্রতিষ্ঠানের পাশে আছি এবং থাকব।
জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন,
বিদ্যালয়টির উন্নয়নে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে যেন একটি স্থায়ী জমি বরাদ্দ দেওয়া যায় আমরা সেই চেষ্টা করছি। এই শিশুদের মূলধারার শিক্ষায় সম্পৃক্ত করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
সুইড বাংলাদেশের সভাপতি ডা. শাহনেওয়াজ বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি স্পেশাল চাইল্ডদের নিয়ে কাজ করে যাচ্ছে। নানা সীমাবদ্ধতার মধ্যেও শিশুদের কল্যাণে তারা নিরলসভাবে কাজ করছেন। তিনি অনুষ্ঠানে বিদ্যালয়টির বর্তমান সংকট ও জমি বরাদ্দের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের নানা সংকট ও সীমাবদ্ধতার কথা তুলে ধরে বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম।
সুইড নারায়ণগঞ্জ শাখার সভাপতি আফরোজা শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুইড বাংলাদেশের মেন্টর জওয়াহেরুল ইসলাম মামুন, মহাসচিব মাহবুবুল মনির এবং হিউম্যানিটি ফার্স্টের নির্বাহী পরিচালক মো. ইউনূস আলীসহ সংশ্লিষ্টরা।