চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাঁচগাছিয়া এলাকায় অবস্থিত পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, সংবর্ধনা ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, হামদ-নাত, ইসলামী সাংস্কৃতিক পরিবেশনা এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাজাকাত হারুন (মানিক)। তিনি তার বক্তব্যে বলেন, দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও আদর্শিক মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। একটি আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামী শিক্ষার বিকল্প নেই।
প্রধান অতিথির বক্তব্যে মাদ্রাসার সাধারণ সম্পাদক আলহাজ্ব কামরুজ্জামান বলেন, পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে সুনামের সঙ্গে দ্বীনি শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। কোরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা বিস্তারের মাধ্যমে আলোকিত প্রজন্ম গঠনে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদেরও সচেতন ভূমিকা রাখতে হবে।
এসময় বক্তব্য রাখেন মাদ্রাসার মুহতামিম মাওলানা মাসরুল হক নোমানী। তিনি বলেন, দ্বীনি শিক্ষা মানুষের চরিত্র গঠনের মূল ভিত্তি। কোরআনের আলোয় আলোকিত একটি প্রজন্ম গড়ে তুলতে মাদ্রাসা, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।
অনুষ্ঠানে বক্তারা মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং ইসলামী মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গঠনে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।
উল্লেখ্য, ২০২১ সালে প্রতিষ্ঠিত পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলুম মাদ্রাসা অল্প সময়ের মধ্যেই এলাকায় দ্বীনি শিক্ষার একটি আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। মাদ্রাসাটি হেফজ, নাজেরা ও ইসলামী শিক্ষার বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।