মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবার সম্প্রসারণ এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছেন মোহনপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ জিয়াউদ্দিন।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
হাজী মোঃ জিয়াউদ্দিন বলেন, মোহনপুর ইউনিয়নের মানুষ দীর্ঘদিন ধরে বিভিন্ন মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। মতলব উত্তর উপজেলায় একটি পূর্ণাঙ্গ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থাকলেও মোহনপুর ইউনিয়নের চরাঞ্চলের সাধারণ মানুষকে চিকিৎসা সেবা নিতে পার্শ্ববর্তী উপজেলায় যেতে হচ্ছে, ফলে সময় ও অর্থের পাশাপাশি ভোগান্তিও বাড়ছে।
তিনি বলেন, সরকারি নীতিমালা অনুযায়ী প্রতিটি ইউনিয়নে ভূমি অফিস থাকার কথা থাকলেও মোহনপুর ইউনিয়নে এখনো তা প্রতিষ্ঠিত হয়নি। ফলে ভূমি সংক্রান্ত সেবা পেতে ইউনিয়নবাসীকে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে। এসব সমস্যার স্থায়ী সমাধানে তিনি জনগণের সহযোগিতা কামনা করেন।
জিয়াউদ্দিন আরও বলেন, জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। মোহনপুর ইউনিয়নকে আধুনিক, সেবাবান্ধব ও উন্নত ইউনিয়নে পরিণত করতে তিনি কাজ করতে চান। স্বাস্থ্যসেবা, ভূমি সেবা, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই হবে তার অগ্রাধিকার।
মাদক প্রসঙ্গে তিনি বলেন, যুব সমাজের একটি বড় অংশ মাদকের ভয়াল গ্রাসে আক্রান্ত হচ্ছে। মাদক নির্মূলে প্রশাসন, জনপ্রতিনিধি, অভিভাবক ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে। মোহনপুর ইউনিয়নকে মাদকমুক্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উন্নয়ন ভাবনা ও জনকল্যাণমূলক কর্মপরিকল্পনা বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীল ভূমিকা রাখতে চান তিনি।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডঃ মোহাম্মদ জালাল উদ্দিনের সহযোগিতা ও দিকনির্দেশনায় স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, ভূমি অফিস স্থাপন, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন বলেও জানান তিনি।
এ সময় মোহনপুর ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন হাজী মোঃ জিয়াউদ্দিন।