গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভী। বুধবার ৩ জুন রাত ১০টা ১০ মিনিটে তিনি কারাগার থেকে বের হন।
বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার। তিনি বলেন, “বুধবার রাত ১০টা ১০ মিনিটে সেলিনা হায়াৎ আইভী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আমাদের হাতে জামিনের কাগজ পৌঁছালে সেটি যাচাই-বাছাই শেষে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।”
কারা সূত্রে জানা গেছে, আগেই আদালতের মাধ্যমে জামিন পান সেলিনা হায়াৎ আইভী। বুধবার রাতে কারাগারে জামিনের কাগজপত্র পৌঁছায়। পরে কারা কর্তৃপক্ষ কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাঁকে মুক্তি দেন।
উল্লেখ্য, গত বছরের ৯ মে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে। এর মধ্যে ৯টি জুলাই আন্দোলন কেন্দ্রিক হত্যা মামলা এবং দুটি হত্যাচেষ্টা মামলা। গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব মামলা হয়। অপর মামলাটি গত বছর তাঁকে গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা হয়।