নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ইউএনওর কক্ষসহ ভবনের কয়েকটি কক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত দ্বিতল ভবনের দ্বিতীয় তলায় এ আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ইউএনওর কক্ষে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা প্রথমে তা নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে মদন উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান জানিয়েছেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।