
গ্রীন এন্ড ক্লিন কর্মসূচির অংশ হিসেবে ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ড অপসারণ শুরু করলেন মাসুদুজ্জামান
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” উদ্যোগের অংশ হিসেবে পরিচ্ছন্ন রাখতে নিজের লাগানো ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ড অপসারণ শুরু করেছেন আলোচিত ক্রীড়া সংগঠক ও সমাজসেবক এবং নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ।
ঈদ উপলক্ষে শুভেচ্ছা ও ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠান সামনে রেখে জেলার বিভিন্ন স্থানে যেসব ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ড স্থাপন করা হয়েছিল, সেগুলো সোমবার (১৬ জুন) থেকে নিজস্ব স্বেচ্ছাসেবকদের মাধ্যমে অপসারণের কাজ শুরু হয়।
এর আগে শনিবার (১৪ জুন) দুপুরে শহরের বরফকল এলাকায় বিআইডব্লিউটিএ’র মাঠে ঈদ পুনর্মিলনীর আয়োজন করেন মাসুদুজ্জামান মাসুদ। আয়োজনে ১৫ হাজারেরও বেশি মানুষ অংশ নেন। অনুষ্ঠানে শহরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, নাগরিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিএনপির তৃণমূলের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। মিলনমেলায় রূপ নেয়া এই আয়োজনে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজনদের সরব উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।
উল্লেখ্য, বিআইডব্লিউটিএ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের অনুমতি নিয়েই ঈদ পুনর্মিলনী আয়োজন করা হয়।
এই প্রসঙ্গে মডেল গ্রুপের জিএম (ডেভেলপমেন্ট) মনির সরদার বলেন, “নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ উদ্যোগের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের এমডি জনাব মাসুদুজ্জামান মাসুদের নির্দেশে ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ড অপসারণ শুরু করেছি। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এই মহতী উদ্যোগের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে।”
Leave a Reply