
আমি সবসময় সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে আছি এবং থাকব: জাকির খান
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসব যাতে শান্তিপূর্ণভাবে ও নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে জন্য আমি সবসময় সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে আছি এবং থাকব।
নারায়ণগঞ্জ শান্তি-সম্প্রীতির শহর। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান মিলেমিশে বহু বছর ধরে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করছে। এটাই আমাদের গৌরব, এটাই আমাদের ঐতিহ্য। আমরা চাই এই ঐতিহ্য আরও সুসংহত হোক। তাই আসন্ন শারদীয় দুর্গাপূজায় আমরা সবাই মিলে সনাতন ভাই-বোনদের পাশে থেকে উৎসবের আনন্দকে আরও বর্ণিল করে তুলব।
আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি—কোন ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। পূজার নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনে আমরা প্রতিটি মণ্ডপে পাহারাদার হিসেবে কাজ করব। আমার নেতাকর্মীরা ইতোমধ্যেই কয়েকটি টিমে বিভক্ত হয়ে মাঠে কাজ শুরু করেছে। তারা প্রতিটি পূজা মণ্ডপের খোঁজখবর রাখছে এবং সার্বক্ষণিক সজাগ দৃষ্টি রাখছে, যাতে কোনো অপশক্তি কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে।
আমি সনাতন ভাই-বোনদের অনুরোধ করছি—পূজার দিনগুলোতে আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন। কোনো ধরনের আশঙ্কাজনক পরিস্থিতির আভাস পেলেই আমাদের দ্রুত জানাবেন। কোনো ভয় পাবেন না, আমরা সবসময় আপনাদের পাশে আছি।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমি নারায়ণগঞ্জসহ সারা দেশের হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
জাকির খান
সাবেক সভাপতি, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল
Leave a Reply