
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফিলিস্তিনের জনগণের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও বিশেষ দোয়ার আয়োজন করেছে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে এম.এ. হাসেম ইয়াতুন নেছা ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলটি সিদ্ধিরগঞ্জ হিরাঝিলস্থ স্কুল ও কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে পুনরায় কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
প্রতিবাদ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম.এ. হাসেম ইয়াতুন নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন।
তিনি বলেন, “আমরা এমন এক জাতি, যারা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি—মুসলিম উম্মাহ। মহান স্রষ্টা আমাদের সৃষ্টি করেছেন একমাত্র তাঁর ইবাদতের জন্য। সেই সঙ্গে তিনি আমাদের নির্দেশ দিয়েছেন কল্যাণের পথে মানুষকে আহ্বান করতে, সত্যের পথে ডেকে নিতে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে।”
গিয়াসউদ্দিন আরও বলেন, “আজকে ইহুদি রাষ্ট্র ইসরায়েল দীর্ঘদিন ধরে নারী-পুরুষ নির্বিশেষে ফিলিস্তিনে নির্মম, নিষ্ঠুর গণহত্যা চালিয়ে যাচ্ছে। এ ঘটনার নিন্দা জানাচ্ছে শুধু মুসলিম বিশ্ব নয়, বরং বিশ্বের সকল বিবেকবান মানুষ। আমরা সারা বিশ্বের মুসলমানদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাই। আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন মুসলিম উম্মাহর ঐক্য গড়ে দেন এবং এই জুলুমবাজ রাষ্ট্রকে ধ্বংস করে দেন।”
প্রতিবাদ মিছিলের শুরুতে ফিলিস্তিনের শহীদদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন, কলেজের প্রভাষকবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
Leave a Reply