
উৎসবমুখর পরিবেশে আনন্দ-ডিআরইউ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ শুরু হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টনে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।
উদ্বোধনী দিনে পুরুষ একক, পুরুষ দ্বৈত ও নারী একক—এই তিন ইভেন্টে গ্রুপ পর্ব ও কোয়ার্টার ফাইনালের খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন আনন্দ ভূবন আবাসন প্রকল্পের প্রধান নির্বাহী গাজী মো. মোজাম্মেল হক, বিপিএম (বার)। তিনি তার বক্তব্যে বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি নিয়মিতভাবে খেলাধুলার আয়োজন করছে—এটি সত্যিই প্রশংসনীয়। সমাজে যখন মানসিক অবসাদ ও বৈকল্য বাড়ছে, তখন এমন ক্রীড়া আয়োজন অত্যন্ত গঠনমূলক ভূমিকা রাখে।
ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, প্রতি বছরের ন্যায় এবারও ডিআরইউ ব্যাডমিন্টন খেলার আয়োজন করেছে। শুরুতে এটি ইনডোর গেমসের অংশ হিসেবে অনুষ্ঠিত হলেও বর্তমানে আলাদাভাবে টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। এই উদ্যোগে সহযোগিতা করার জন্য তিনি আনন্দ ভূবন আবাসিক প্রকল্প কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, খেলাধুলা শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক প্রশান্তি বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ডিআরইউ সারা বছরই সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা ও বিনোদনের লক্ষ্যে বিভিন্ন ক্রীড়া ও আনন্দমূলক টুর্নামেন্টের আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় এ বছরও খেলাধুলার আয়োজন করেছে।
সভাপতির বক্তব্যে ডিআরইউর সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম বলেন, পেশাগত ব্যস্ততার মাঝেও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও আনন্দময় জীবনধারা নিশ্চিত করা সম্ভব। তাই ডিআরইউ সারা বছরই বিভিন্ন খেলাধুলার আয়োজন করে থাকে। এই টুর্নামেন্ট আয়োজনের সহযোগিতার জন্য আনন্দ ভুবন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাই। আশা করি ভবিষ্যতেও তিনি আমাদের পাশে থাকবেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউ’র যুগ্ম সম্পাদক জাফর ইকবাল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা ও নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না প্রমুখ।
এদিকে সোমবার (০৯/০২/২৬) টুর্নামেন্টের সব ইভেন্টের সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব জোবায়েদুর রহমান। বিশেষ অতিথি থাকবেন ব্রিজ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক মীর শহীদুল হক। এতে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।
Leave a Reply