নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে র্যাব পরিচয়ে প্রতারণাকারী ২ ভুয়া র্যাব সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা ইনকামিং লেনে চেকপোস্ট চলাকালে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মো. সোহেল (৩৫) ও গাজীপুরের জয়দেবপুরের মো. সাজ্জাদ হোসেন সোহাগ (৩০)। তারা বর্তমানে ঢাকার যাত্রাবাড়ী ও দক্ষিণখান এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৪টি কালো রঙের র্যাবের কটি, ২টি ওয়াকিটকি, ১টি হ্যান্ডকাফ, ১টি পিস্তলের কভার ও ১টি র্যাবের ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়। এছাড়া ১টি ওয়ালটন অ্যান্ড্রয়েড মোবাইল, ১টি রেডমি অ্যান্ড্রয়েড মোবাইল, ৯০টি কালো রঙের প্লাস্টিকের টাই এবং ১টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা এর নির্দেশে জেলাজুড়ে নিয়মিত চেকপোস্ট ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিকের তত্ত্বাবধানে এসআই চন্দন দের নেতৃত্বে মেঘনা টোল প্লাজা এলাকায় চেকপোস্ট বসানো হয়। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় ওই দুইজনকে আটক করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।