শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি ফলপ্রসূ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো: রায়হান কবির। সভার প্রতিপাদ্য ছিল “শিক্ষা প্রসারে ও মানোন্নয়নে নিরন্তর প্রয়াস”।
সভায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সহ-শিক্ষা কার্যক্রম সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে ডিজিটাল ক্লাসরুম স্থাপন, ল্যাব আধুনিকীকরণ এবং মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।
সভায় জেলা প্রশাসক মো: রায়হান কবির বলেন, “আমাদের প্রিয় প্রতিষ্ঠানের শিক্ষার মান আরও উন্নত করতে এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। একটি মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানই পারে আগামীর দক্ষ নাগরিক গড়ে তুলতে। এ লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আলিনুর খান সহ স্কুল ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা স্কুলের বর্তমান চ্যালেঞ্জগুলো তুলে ধরেন এবং সমাধানে প্রশাসনিক সহায়তার প্রত্যাশা ব্যক্ত করেন।