মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে কলেজ প্রাঙ্গণে অত্যন্ত আবেগঘন পরিবেশে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উইমেন ইঞ্জিনিয়ার’স চাপ্টার (আইইবি)- এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমীন।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার শাহনাজ শারমীন বলেন,শিক্ষাই জাতির মেরুদণ্ড। কেবল ভালো ফল করলেই হবে না, বরং ভালো ফলাফলের পাশাপাশি সৎ ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলে দেশের সেবা করতে হবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ।” তিনি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করেন।
নিশ্চিতপুর ডিগ্ৰি কলেজ গভর্নিং বডির সভাপতি কর্নেল (অব.) মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ মেডিকেল হাসপাতালের মেডিসিন বিভাগের ডিন ও চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ডা. শামীম আহমেদ, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার।
স্বাগত বক্তব্য রাখেন- কলেজের অধ্যক্ষ মো. কামাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন- কলেজের বাংলা প্রভাষক রমজান আলী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর বিদায়ী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করে শোনান একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা।
কলেজের অধ্যক্ষ বিদায়ী শিক্ষার্থীদের পরীক্ষার বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে কয়েকজন পরীক্ষার্থী তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানের শেষ পর্বে পরীক্ষার্থীদের সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করা হয়। এ সময় কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির সদস্যবৃন্দ, অভিভাবক ও অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।