সাংবাদিকদের সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আজীবন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন - (VSHRO)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাড. শাহানাজ জামান।
শনিবার সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে মনোনয়ন ফর্ম তুলে দেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. আলমগীর গনি ও কেন্দ্রীয় নীতি নির্ধারক পরিষদের সদস্য সচিব মোহাম্মদ মঞ্জুর হোসেন।
একই অনুষ্ঠানে মানবাধিকার ও ভিকটিম সাপোর্টে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে VSHRO এর ৭ জন সদস্যকে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে ঘোষণা করা হয়।
মনোনয়ন গ্রহণের পর অ্যাড. শাহানাজ জামান বলেন, “সাংবাদিকতা ও মানবাধিকার একে অপরের পরিপূরক। ভিকটিমদের পাশে দাঁড়ানো এবং সত্য প্রকাশের এই যাত্রায় জাতীয় সাংবাদিক সংস্থার সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত।”
VSHRO পরিবারের পক্ষ থেকে সংগঠনের নেতৃবৃন্দ জাতীয় সাংবাদিক সংস্থাকে নিরন্তর ধন্যবাদ জানিয়েছেন। নেতারা বলেন, এই স্বীকৃতি মানবাধিকার রক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে কাজ করতে তাদের আরও উৎসাহিত করবে।
অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতৃবৃন্দ, VSHRO-এর কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।